খেলা থামাল বৃষ্টি, তার আগে ব্রেকথ্রু পেল বাংলাদেশ

ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ম্যাচে দারুণভাবে ফিরে আসে পাকিস্তান। একসময় চাপে পড়ে যাওয়া দলটিকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।
তবে শেষদিকে এসে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় সেশনের শুরুতে ষষ্ঠ উইকেটে ধীরে ধীরে জমে ওঠে রিজওয়ান-সালমান জুটি। শুরুতেই জীবন পাওয়া সালমানকে ফেরাতে পারেনি বাংলাদেশ।
ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন দুই ব্যাটসম্যান। তাদের জুটি পঞ্চাশে পৌঁছে যায় মাত্র ৭২ বলে।
নতুন বলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সালমান তুলে নেন নিজের অর্ধশতক। ৭৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। একই ওভারের পর তাদের জুটি পৌঁছে যায় শতরানে। পাকিস্তানের ইনিংসে এটি ছিল তৃতীয় শতরানের জুটি।
এর পরই ফিফটির দেখা পান রিজওয়ানও। নাহিদ রানার করা ওভারে তিনটি চার মেরে ৬৮ বলে পঞ্চাশ পূর্ণ করেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে জমে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন তাইজুল। তাকে আক্রমণে আনতেই কিছুটা আগ্রাসী হয়ে ওঠেন রিজওয়ান। একবার উঁচু শট খেললেও পরেরবার খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। দারুণ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ১৫৭ বলের ১১৯ রানের জুটির ইতি ঘটে রিজওয়ানের বিদায়ে।
এরপরই মিরপুরে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কালো মেঘে ঢেকে যায় আকাশ, দুপুরেই নেমে আসে সন্ধ্যার আবহ। ফলে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথমে হালকা নামলেও এরপর বেশ জোরেসোরে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টি থামার আগে ৮৯.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান।



