রাতে ফিরছেন প্রধানমন্ত্রী: শোডাউন নিষিদ্ধ নেতাকর্মীদের
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা প্রদর্শনীর সুযোগ নেই।

বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন শুধু দলের সিনিয়র নেতা, সিনিয়র মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দলীয় সূত্রে জানা গেছে, এ নির্দেশনার আলোকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। শায়রুল কবির খান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের শোডাউন করা হবে না। নির্ধারিত ব্যক্তিরাই বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
গত ২১ জুন মালয়েশিয়া ভ্রমণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হয়েছিল। পরবর্তীতে তিনি সেখান থেকে চীন সফরে যান। রাষ্ট্রীয় সফর শেষে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


