
প্রথমবারের মতো সরাসরি কোনো নারী জেলা ও দায়রা জজকে ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই পদে দায়িত্ব পেয়েছেন বিচারক শামীমা আফরোজ।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২১ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেয়। আইজিআর হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্বরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিবন্ধন অধিদপ্তরের ইতিহাসে এর আগে বিচারক উম্মে কুলসুম অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইজিআর পদের দায়িত্ব পালন করলেও, এবারই প্রথম সরাসরি কোনো নারী জেলা ও দায়রা জজকে পূর্ণ মেয়াদে এই শীর্ষ পদে নিয়োগ দেওয়া হলো।
শামীমা আফরোজের শিক্ষাজীবন শেষে ১৯৯৬ সালে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের রিসার্চ অফিসার হিসেবে কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ১৮তম বিসিএস (জুডিশিয়াল) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২৪ জুন বিচার বিভাগে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা জজ) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


