জাতীয়

শাপলা চত্বর গণহত্যা:৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রবিবার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, যেহেতু তদন্ত এখনও চূড়ান্ত হয়নি, তাই মোট নিহতের সংখ্যা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে।

১৩ বছর আগে ওই দিন ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, প্রস্তাবিত নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার পর রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এলাকা খালি করে।

ওই সময় পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বহু মানুষ হতাহত হয়েছেন বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল হেফাজতে ইসলাম। যদিও এর সংখ্যা নিয়ে তখন থেকেই বিতর্ক ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button