আন্তর্জাতিক

ইরানের সবশেষ শান্তি প্রস্তাব খুব শিগগিরই পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ইরানের প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান যে পরিকল্পনা (শান্তি প্রস্তাব) পাঠিয়েছে, তা শিগগিরই পর্যালোচনা করব।

তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে করতে পারছি না। কারণ গত ৪৭ বছর ধরে ইরান মানবতা ও বিশ্বের যে ক্ষতি করেছে, তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টা হিসেবে ১৪ দফা পরিকল্পনা দিয়েছে ইরান। প্রস্তাবে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাবে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতি চাইলেও তেহরান স্পষ্ট করেছে—তারা যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধান চায়।

তাসনিম নিউজ আরও জানায়, প্রস্তাবনায় ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধক্ষতিপূরণ, লেবাননসহ সব ধরনের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালির জন্য ‘নতুন একটি ব্যবস্থা’ তৈরির কথা বলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button