জাতীয়
চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে

চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে। জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই টিকাগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুদান গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রধান আতিথ্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপেং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লি নিং।
অনুষ্ঠানে জানানো হয়, উপহার হিসেবে পাওয়া পোলিওমাইলাইটিস ভ্যাকসিনের (ইনঅ্যাক্টিভেটেড স্যাবিন স্ট্রেইন) ৭৬ হাজার ৬১৬ ভায়াল বা ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের চালানটি ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের জন্য চাহিদা অনুযায়ী এই টিকাগুলো সরবরাহ করা হবে।
সিনোভ্যাকের তৈরি নিষ্ক্রিয় স্যাবিন স্ট্রেইন পোলিও টিকাটি ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রি-কোয়ালিফিকেশন পেয়েছে। বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির অংশ হিসেবে সিনোভ্যাক দীর্ঘদিন ধরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই টিকা সরবরাহ করছে।
টিকা সংকটের এই দুঃসময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের অনুদানের জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হলো যে অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে আছে। সামনে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা করা সরকারের জন্য চ্যালেঞ্জিং হলেও, পোলিও ও যক্ষাসহ প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং টিকার কোনো ঘাটতি নেই।
৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং বাকিদেরও দ্রুত দেওয়া হবে। এছাড়া, খুব শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল’ খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হবে। ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ফিল্ড হাসপাতাল তৈরি রাখা হয়েছে এবং প্রয়োজনে এগুলোর সংখ্যা বাড়ানো হবে।
বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে শরিক হতে পেরে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড গর্বিত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস ডিরেক্টর লি নিং। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত সিনোভ্যাকের তৈরি ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে দিতে পেরে তারা আনন্দিত।
পোলিওকে শিশুদের জন্য একটি মারাত্মক ছোঁয়াচে রোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘টিকাদানই এটি ঠেকানোর সবচেয়ে বড় উপায়। আমরা আশা করি এই অনুদান ইপিআই কার্যক্রমকে আরও বেগবান করবে, শিশুদের নিরাপদ রাখবে এবং পোলিও দূর করতে বড় ভূমিকা রাখবে।’



